হোয়াটসঅ্যাপে মেসেজ এডিটিংয়ের সুবিধা আসছে

৩ জুন, ২০২২ ০৯:২৫  
মেসেজিং সেবার উন্নয়নে এবার এডিটিং ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেসেজে রিঅ্যাকশন দেয়ার ফিচার যুক্ত করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। খবর টেকটাইমস। খবরে বলা হয়, মেসেজে রিঅ্যাকশন দেয়ার ফিচারটি চালু করা হলেও এডিটিংয়ের বিষয়টি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফিচারটি চালু হলে মেসেজ ডিলিট করার পরিবর্তে ব্যবহারকারীরা এডিট করতে পারবেন। অনেক আগেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পাঠানো মেসেজ ডিলিট করার অপশন চালু করা হয়েছে। কিন্তু সেগুলো সম্পাদনা করা যেত না। তবে, ফিচারটি খুবই প্রয়োজনীয়। কারণ, এর মাধ্যমে মেসেজে কোনো শব্দের বানান ভুল হলে সংশোধন করে নতুন মেসেজ পাঠানোর পরিবর্তে পাঠানো মেসেজেই পরিবর্তন করা যাবে। তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ এডিট হিস্ট্রি ও পুরনো মেসেজ দেখার অপশন বন্ধ করে দিতে পারে। তবে কী ধরনের পরিবর্তন আসবে তা নতুন ফিচারটি কার্যকর হওয়ার আগে বলা যাচ্ছে না। মেসেজ এডিটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কোনো নির্দিষ্ট সময় দেবে না। এর পরিবর্তে ৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা দেয়া হতে পারে। ডিবিটেক/বিএমটি